চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ২ কোটি টাকা চাঁদা দাবি
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানে দিনদুপুরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। হামলার আগে ব্যবসা চালিয়ে যেতে এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিক। পুলিশ বলছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন জানান, দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে মোবারক হোসেন ইমন পরিচয়ে একজন তাকে ফোন করে বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন দুই কোটি টাকা দিতে হবে, আর প্রতি মাসে ১০ লাখ টাকা দিতে হবে। এখন থেকে ব্যবসা আমরা চালাব।’ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আদিল আরও বলেন, ফোনে ইমন নিজেকে পরিচিত ব্যক্তি হিসেবে দাবি করেন এবং পুলিশ কমিশনারকে তার ছবি দেখালেই চিনতে পারবেন বলেও মন্তব্য করেন। একই সঙ্গে স্মার্ট গ্রুপের মালিকের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করে তাকে ভয়ভীতি দেখানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ অফিসে ঢুকে কম্পিউটার, মোবাইল ফোন ও আসবাবপত্র ভাঙচুর করে। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম আঘাত করতে দেখা যায়। হামলাকারীরা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিসে থাকা নগদ টাকা নিয়ে যায়।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির জানান, কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা ৩৫ লাখ টাকা হামলাকারীরা লুট করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, হামলায় জড়িতরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এবং একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলার আসামি। পুলিশের দাবি, বর্তমানে কারাগারে থাকা ছোট সাজ্জাদের অনুপস্থিতিতে বিদেশে পলাতক বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধচক্র পরিচালনায় ইমন ও মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিচ্ছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে।
মতামত দিন