Views Bangladesh Logo

সশস্ত্র বাহিনী কোনো দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; বরং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র পবিত্র দায়িত্ব।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর একটি সেনানিবাসের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে একসময় সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান—এটি কোনো দলের নয়, কারও ব্যক্তিগত সম্পত্তিও নয়।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহামনের অবদান স্মরণ করে তিনি বলেন, তার হাত ধরেই বাহিনীতে দেশপ্রেমের শক্ত ভিত গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনো পরাজিত করা যাবে না।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রধানমন্ত্রী জানান, শুধু সশস্ত্র বাহিনী নয়, দেশের প্রতিটি খাতে সংস্কার আনা এবং মানুষের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ