Views Bangladesh Logo

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়াল সরকার। বৃহস্পতিবার ( ১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়। এই ক্ষমতা ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একই বছরের ১৭ সেপ্টেম্ব প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর থেকে নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান।

পরবর্তীতে ১৫ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এই ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয় এবং সে সময় কোস্টগার্ড ও বিজিবিতে দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়। এরপর তৃতীয়বারের মতো গত ১২ জানুয়ারি এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ