Views Bangladesh Logo

শুটিং সেটে আহত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

 VB  Desk

ভিবি ডেস্ক

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এই আলোচনার মধ্যেই মুম্বাইয়ে একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ে ছাদের সিলিং ভেঙে আহত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুরসহ কয়েকজন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য ধারণ করা হচ্ছিল। শুটিং চলাকালীন হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে অর্জুন কাপুরের মাথার ওপর।

ঘটনার সময় অর্জুনের সঙ্গে ছিলেন সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাস্সির আজিজ।

টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমি মনিটরে মনোযোগী ছিলাম। হঠাৎ দেখলাম ছাদ ভেঙে পড়ল। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটি আমাদের ওপর ভেঙে পড়েনি, না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।’

তিনি বলেন, এ ধরনের পুরোনো বাড়িগুলোকে প্রায়ই শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়। প্রযোজনা সংস্থাগুলোর উচিত, শুটিংয়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করা।

অন্যদিকে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানিয়েছেন, অনেকদিন ধরে সেখানে শুটিং চলার কারণে অতিরিক্ত শব্দ এবং তার ফলে সৃষ্ট ভাইব্রেশন থেকেই এমন ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। এক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছেন।

তিনি বলেন, সৌভাগ্যবশত সবাই প্রাণে বেঁচে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ