Views Bangladesh Logo

এক গানের জন্য ২০০ বার গাইলেন অরিজিৎ, ‘রামায়ণ’ ঘিরে চমক

প্লেব্যাক থেকে বিরতি নিয়েছেন অরিজিৎ সিং। তবু তার কণ্ঠের জাদু থেকে দূরে থাকতে পারছেন না শ্রোতারা। এবার নিতেশ তিওয়ারির বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘জয় জয় রাম’ প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছে এই সংগীতশিল্পীর নাম। তবে গানটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এর রেকর্ডিং ঘিরে একটি চমকপ্রদ তথ্য—নিখুঁত আবেগ তুলে ধরতে অরিজিৎ নাকি গানটির প্রায় ২০০টি টেক দিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলা’র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গানটি রেকর্ড করার সময় অরিজিৎ ভক্তির আবেগে এতটাই ডুবে গিয়েছিলেন যে একের পর এক টেক দিতে থাকেন। প্রতিটি টেকেই তিনি সুর ও অনুভূতিকে নতুনভাবে প্রকাশ করার চেষ্টা করেন।

সূত্রটির দাবি, ‘জয় জয় রাম’ রেকর্ডিংয়ের সময় অরিজিৎ প্রায় ২০০ বার গানটি গেয়েছেন। প্রতিবারই তিনি কণ্ঠে ভিন্ন মাত্রার আবেগ আনার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গানের কারিগরি নিখুঁততার হিসাবের চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুরের অনুভূতি। ফলে রেকর্ডিং শেষ করতেও যেন তার অনীহা তৈরি হয়েছিল।

গানটিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এবং গান লিখেছেন ড. কুমার বিশ্বাস। প্রচলিত ভক্তিগীতি ‘জয় সিয়া রাম’-এর আবহ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি গানটিতে ভক্তি ও আবেগকে নতুনভাবে তুলে ধরা হয়েছে।

‘জয় জয় রাম’-এর দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আকর্ষণ। এতে শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর শুভ পরিণয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’ নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের পাশাপাশি অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং ও বিবেক ওবেরয়।

দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ