ট্রাম্প সমর্থকদের পোস্টে নিজের গান, আপত্তি আরিয়ানা গ্রান্দের
নিজের গান রাজনৈতিক প্রচারে ব্যবহার করায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে। এবার তাঁর ২০২৪ সালের জনপ্রিয় গান ‘উই কান্ট বি ফ্রেন্ডস (ওয়েট ফর ইয়োর লাভ)’ ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে। বিষয়টি ভালোভাবে নেননি গ্রান্দে।
বৃহস্পতিবার ‘টিম ট্রাম্প’–এর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে ট্রাম্পকে একটি মঞ্চের দিকে হেঁটে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এটা বিতর্কিত হওয়ার কথা নয়!’ পোস্টে ট্রাম্প, আরিয়ানা গ্রান্দে ও ‘মাগা’–সংক্রান্ত হ্যাশট্যাগও ব্যবহার করা হয়।
ভিডিওতে নিজের গান ব্যবহারের বিষয়টি নজরে আসার পর মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করেন গ্রান্দে। তিনি লেখেন, ‘আমার গান আর কখনো ব্যবহার করবেন না। আর আপনাদের সত্য মিথ্যা।’
ট্রাম্প প্রশাসন ও এর সমর্থকদের সঙ্গে গ্রান্দের এমন বিরোধ এবারই প্রথম নয়। মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বার তাঁর গান রাজনৈতিক পোস্টে ব্যবহার করা হলো এবং প্রতিবারই তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।
জুনে হোয়াইট হাউস গ্রান্দের আরেকটি গান ‘বাই’–এর একটি সংস্করণ ব্যবহার করেছিল টিকটক ভিডিওতে। ওই ভিডিওতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে হাতকড়া পরাতে দেখা যায়।
সেবারও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন গ্রান্দে। তিনি বলেছিলেন, তাঁর গান যেন ‘বর্বর, অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের’ সঙ্গে ব্যবহার করা না হয়। পরে তাঁর দলের উদ্যোগে ওই পোস্ট থেকে গানটির অডিও সরিয়ে নেওয়া হয়।
তবে এবার ‘উই কান্ট বি ফ্রেন্ডস’ গানটি ব্যবহার করা পোস্ট থেকে এখনো গানটি সরানো হয়নি।
ট্রাম্প প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে শিল্পীদের গান ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। টেইলর সুইফট ও ব্যাড বানির গানও ট্রাম্প-সংশ্লিষ্ট পোস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
জুলাইয়ের শেষ দিকে সংগীতশিল্পী নোয়া কাহানও প্রকাশ্যে আপত্তি জানান। হোয়াইট হাউস তাঁর ‘আমেরিকান কারস’ গানটি ইনস্টাগ্রাম পোস্টে ব্যবহার করার পর কাহান বলেন, ট্রাম্প বা তাঁর প্রশাসনের সমর্থনে তাঁর গান ব্যবহারের কোনো অনুমতি তিনি দেননি।
এ ধরনের ঘটনায় মূল প্রশ্ন হয়ে উঠেছে—শিল্পীর অনুমতি ছাড়া তাঁর গান রাজনৈতিক বার্তা প্রচারে ব্যবহার করা হচ্ছে কি না। গ্রান্দের সর্বশেষ মন্তব্যও সেই বিতর্ককে আবার সামনে এনেছে।
আরিয়ানা গ্রান্দে এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান জানিয়েছেন। এবারও দীর্ঘ বক্তব্য না দিয়ে সংক্ষিপ্ত মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, তাঁর গান যেন ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে যুক্ত না করা হয়।
বিশেষ করে ‘উই কান্ট বি ফ্রেন্ডস’ গানটি সম্পর্ক, বিচ্ছেদ ও আবেগের জটিলতা নিয়ে লেখা। সেই গানকে রাজনৈতিক বক্তব্যের পটভূমিতে ব্যবহার করায় গ্রান্দের আপত্তি আরও স্পষ্ট হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল ভ্যারাইটি। তবে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন