Views Bangladesh Logo

মোহামেডানের কোচ হলেন আর্জেন্টাইন সান্তিয়াগো ভারেলা

আসন্ন মৌসুমে শিরোপার লক্ষ্য নিয়ে দল গড়ার পর নতুন কোচও নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

দক্ষিণ এশিয়ার ফুটবলে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে ভারেলার। ২০১৮ সালে গোকুলাম কেরালা এফসির দায়িত্ব নিয়ে ভারতে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর চার্চিল ব্রাদার্স, শ্রীনিদি ডেকান, ব্যাঙ্গালুরু ইউনাইটেড ও সর্বশেষ স্পোর্টিং গোয়া এফসির কোচ হিসেবে কাজ করেছেন।

ভারেলা দুই মৌসুম আফগানিস্তানের আবু মুসলিম এফসির দায়িত্বও পালন করেছেন। এর আগে স্পেনের তৃতীয় স্তরের দল গাভা এফসিতেও কোচ ছিলেন তিনি। ১৯৭৩ সালে বার্সেলোনায় জন্ম নেওয়া ভারেলার স্পেনেরও নাগরিকত্ব রয়েছে। তিনি উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ।

মোহামেডান ফুটবল দলের সমন্বয়ক আমিরুল ইসলাম বাবু জানান, দক্ষিণ এশিয়ার ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই ভারেলাকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত মৌসুমের মাঝপথে আলফাজ আহমেদকে সরিয়ে দেওয়ার পর বাকি সময় অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল কাইয়ুম সেন্টু। এবার শুরু থেকেই বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা ছিল মোহামেডানের। আলোচনায় ছিলেন ইংলিশ কোচ শন লেনও। শেষ পর্যন্ত ভারেলার ওপর আস্থা রেখেছে সাদা-কালোরা।

তবে ভারেলা ভারতের আই-লিগে দীর্ঘদিন কাজ করলেও এখনো কোনো দলকে শিরোপা জেতাতে পারেননি। মোহামেডানকে দিয়ে তিনি বাংলাদেশের ঘরোয়া লিগে সাফল্য এনে দিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ