Views Bangladesh Logo

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি নিকোলাস ওতামেন্ডি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দলের নীল-সাদা জার্সিকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দীর্ঘ সময় ধরে রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ওতামেন্ডি। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ উপস্থিতি। ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার তৃপ্তি নিয়েই বিদায় নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওতামেন্ডি। তিনি চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় ওতামেন্ডি লিখেছেন, আজ আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শব্দগুলো লিখতে হচ্ছে। শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপ ফাইনাল। ফল আমাদের পক্ষে না গেলেও শেষ সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।

ক্লাব ফুটবলে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে সফল সময় কাটানোর পর সম্প্রতি তিনি নিজ দেশের ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার চলবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ