বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সাময়িক নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেস্টিয়ানি
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউইএফএ সাময়িকভাবে বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে নিষিদ্ধ করেছে। রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়।
ফলে প্রেস্টিয়ানি বুধবার রিয়েল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রিটার্ন লেগে খেলতে পারবেননা।
ইউইএফএ জানিয়েছে, ‘রবর্তী ক্লাব প্রতিযোগিতার ম্যাচের জন্য আমরা প্রেস্টিয়ানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
গত সপ্তাহে বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচ চলাকালে ভিনিসিয়াস একমাত্র গোল করেন। গোলের পর খেলা প্রায় ১০ মিনিট স্থগিত হয়।
এ সময় প্রেস্টিয়ানি তার শার্ট দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসের সঙ্গে কিছু বলছিলেন।
রিয়েল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেছেন, প্রেস্টিয়ানি অন্তত পাঁচবার ভিনিসিয়াসকে ‘বানর’ বলে অভিহিত করেছেন।
ভিনিসিয়াস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বর্ণবাদীরা আসলে ভীতু। তারা নিজেদের দুর্বলতা ঢাকতে শার্ট দিয়ে মুখ ঢেকে রাখে।’
বেনফিকা ক্লাব প্রেস্টিয়ানির পাশে দাঁড়িয়েছে এবং জানিয়েছে, তারা তদন্তে পুরো সহযোগিতা করবে, তবে প্রেস্টিয়ানি কি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে তাও খতিয়ে দেখা উচিত।
প্রেস্টিয়ানি নিজে সব অভিযোগ অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমি ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে কোনো বর্ণবাদী মন্তব্য করিনি। যা তিনি শুনেছেন মনে করছেন, তা সঠিক নয়। আমি কখনো কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি।”
ইউইএফএ’র তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রেস্টিয়ানি ন্যূনতম ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে