ডি মারিয়াকে হুমকির দায়ে আর্জেন্টাইন ফুটবল সমর্থকের কারাদণ্ড
২০২৪ সালে বিশ্বকাপজয়ী আনহেল ডি মারিয়াকে হুমকি দেওয়ার দায়ে এক ফুটবল সমর্থককে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত। ক্যারিয়ারের শেষ দিকে দি মারিয়া যেন আর্জেন্টিনায় ফিরতে না পারেন, সেই উদ্দেশ্যেই এ হুমকি দেওয়া হয়েছিল। বুধবার রোসারিওর আদালত এ রায় দেন।
আদালত ৪৫ বছর বয়সী সের্হিও দি ভান্নিকে দোষী সাব্যস্ত করেন। তিনি দি মারিয়ার পরিবারকে ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন, যাতে আর্জেন্টিনার সাবেক এই আন্তর্জাতিক তারকা বিদেশ থেকে ফিরে প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেলতে না আসেন।
২০২৪ সালের মার্চে ডি মারিয়া বেনফিকায় খেলছিলেন। তখন তিনি শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে ফেরার কথা ভাবছিলেন। পরে ২০২৫ সালে তিনি সেই দলবদল সম্পন্ন করেন। রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজ শহরটির দুই প্রধান ক্লাব এবং চিরপ্রতিদ্বন্দ্বী। নিউয়েলস লিওনেল মেসির শৈশবের ক্লাব।
হুমকির মধ্যে ছিল দি মারিয়ার সম্পত্তি থাকা একটি সুরক্ষিত আবাসিক এলাকার কাছে গুলিবর্ষণ। এ ছাড়া তাঁর বোনের পরিচালিত একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বাইরে গুলিবিদ্ধ একটি শূকরের মাথা ফেলে রাখা হয়, সঙ্গে ছিল তাঁর মেয়েকে হুমকি দিয়ে লেখা একটি বার্তা।
আইনজীবীরা ২৫ বছর বয়সী বেলেন গুতিয়েরেসকে এ ঘটনার অন্যতম অপরাধী হিসেবে শনাক্ত করেন। আপসরফা চুক্তির পর জুনে তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তৃতীয় এক সন্দেহভাজন এখনো বিচারপূর্ব হেফাজতে আছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ৪০ লাখ পেসোর (প্রায় ২ হাজার ৬০০ ডলার) বিনিময়ে এই দুজন হুমকির ঘটনা ঘটান।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, এই ভয় দেখানোর অভিযানের সঙ্গে নিউয়েলসের আলট্রাদের (উগ্র সমর্থক গোষ্ঠী) অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের যোগসূত্র ছিল। সমর্থক গোষ্ঠীতে সম্পৃক্ততার সঙ্গে জড়িত আলাদা কিছু অপরাধও দি ভান্নির সাজার আওতায় এসেছে।
হুমকির পর পরিবারের নিরাপত্তার কথা ভেবে দি মারিয়া প্রথমে আর্জেন্টিনায় ফেরার পরিকল্পনা বাদ দেন। পরে তিনি সিদ্ধান্ত বদলান। এখন ৩৮ বছর বয়সী এই ফুটবলার গত দুই মৌসুম ধরে রোসারিও সেন্ট্রালে খেলছেন এবং ২০২৫ সালের শেষে ক্লাবটির আর্জেন্টাইন লিগ শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন।
মতামত দিন