ঢাবিতে মেসিদের খেলা দেখবে আর্জেন্টিনা থেকে আসা প্রতিনিধি দল
বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি বাংলাদেশি ভক্তদের উন্মাদনা প্রত্যক্ষ করতে দেশটি থেকে ছুটে এসেছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করার কথা রয়েছে লান্দে ও তার দলের। এ সময় তাদের সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানা গেছে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
ড্যান লান্দে আর্জেন্টিনার জনপ্রিয় ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত হিসেবে পরিচিত, যিনি রুলো নামেও সমধিক পরিচিত। গত রোববার সকালে তিনি ও তার দল ঢাকায় পৌঁছান এবং আগামী ২৯ জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে।
সফরকালে লান্দে ও তার দল বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বড় পর্দায় আগামী ২২ ও ২৮ জুন আর্জেন্টিনার খেলা দেখবেন। এর মধ্যে আজ রাতে মুহসিন হলের মাঠে উপস্থিত থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ দেখার কথা জানা গেছে।
এদিকে আগামী ২৪ জুন দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ, যেখানে আর্জেন্টাইন প্রতিনিধি দলেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানায়, বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা প্রকাশ এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর। সফরকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটানো, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশিদের উচ্ছ্বাস এবং দেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা সম্পর্কে জানার পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলের।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।
সফরসূচি অনুযায়ী, পুরান ঢাকার অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাজী মুহম্মদ মুহসীন হল, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে যাওয়ার কথা রয়েছে লান্দে ও তার দলের। এসব জায়গায় তারা ফুটবল সমর্থকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটাবেন। লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশে পরিচিতি পান ড্যান লান্দে। সে সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আর্জেন্টাইনদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান, যা দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ও বন্ধুত্বে নতুন মাত্রা যুক্ত করে।
মতামত দিন