মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পরিচিত মুখ ও একদল তরুণ খেলোয়াড়কে নিয়ে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবারও দলের নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি এবার মাঠে নামলেই ইতিহাস গড়বেন। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ (১৯৮) ও সর্বোচ্চ গোলের (১১৬) অধিকারী এই তারকার সামনে এবার টানা দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্য।
স্কালোনির চূড়ান্ত তালিকায় বড় চমক হলো ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আক্রমণভাগে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি এই তরুণ। কাতার বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও দলে সুযোগ পাননি। এই দুই খেলোয়াড়ের বাদ পড়াই দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।
তবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলের মূল শক্তি ধরে রাখা হয়েছে। স্কোয়াডে জায়গা পেয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং হুলিয়ানো সিমেওনে। মেসির পাশাপাশি আক্রমণভাগে আছেন লাউতারো মার্টিনেজ। গোলপোস্টে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ।
এক নজরে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, হুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ জে-তে। আগামী ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে স্কালোনির দল। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই মাঠে জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে