Views Bangladesh Logo

প্রতিশ্রুতি রক্ষার্থে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ফুটবলকে ঘিরে সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস অনেক সময়ই ভিন্নধর্মী ঘটনার জন্ম দেয়। এমনই এক ঘটনা ঘটেছে পটুয়াখালীতে, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আবহে নিজের দেওয়া এক প্রতিশ্রুতি রক্ষা করে আলোচনায় এসেছেন এক তরুণ আর্জেন্টিনা সমর্থক। পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত।

গত শুক্রবার (১৯ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন, পরদিনের ম্যাচে ব্রাজিল যদি হাইতিকে হারায়, তাহলে তিনি নিজের মাথার চুল ফেলে দেবেন। পরদিন শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে পরাজিত করে জয় পায় ব্রাজিল। ম্যাচ শেষে এই খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা কাজী রাফির বাসার সামনে জড়ো হতে থাকেন।

পরে তিনি নিজ উদ্যোগেই তাদের সঙ্গে পটুয়াখালী শহরের ঝাউবন এলাকায় যান। সেখানে উচ্ছ্বাসমুখর পরিবেশে ব্রাজিল সমর্থকদের উপস্থিতিতে তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাটি ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। তাই প্রতিশ্রুতি অনুযায়ীই কাজ করেছি।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ঘটনা এলাকাটিতে আনন্দ ও বিনোদনের আবহ তৈরি করেছে। তারা এটিকে দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও খেলাপ্রেমের একটি ইতিবাচক প্রকাশ হিসেবে দেখছেন।

ফুটবল ঘিরে আবেগ, প্রতিশ্রুতি ও সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা- সব মিলিয়ে পটুয়াখালীর এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ