Views Bangladesh Logo

ফাইনালে হারের পর ফিফা র‍্যাংকিংয়েও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ের পর ফিফা র‍্যাংকিংয়েও শীর্ষস্থান দখল করেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি র‍্যাংকিংয়েও আলবিসেলেস্তেদের সরিয়ে এক নম্বরে উঠে এসেছে লা রোজা।

ফাইনালে হারের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। টুর্নামেন্টজুড়ে দলটির কিছু ফুটবলারের মাঠের ভেতর ও বাইরের আচরণ নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারানো আর্জেন্টিনার জন্য নতুন এক ধাক্কা হয়ে এসেছে।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে স্পেনের সংগ্রহ ১৯৯৫.৮৮ পয়েন্ট। ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর এই প্রথম তারা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। অন্যদিকে ১৯৭০.৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রানার্সআপ আর্জেন্টিনা।

র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের পয়েন্ট ১৯৪৮.৯৭। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৯২২.৩৮। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ স্থানে মরক্কো (১৮০৩.৯৯)।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফিফা নিয়মিত র‍্যাংকিং হালনাগাদ করায় অবস্থানে একাধিক পরিবর্তন দেখা যায়। টুর্নামেন্ট শুরুর সময় শীর্ষে ছিল আর্জেন্টিনা। মাঝপথে সেই অবস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে আসে তারা। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে পারেনি বর্তমান রানার্সআপরা।

ফিফার সূচি অনুযায়ী, এই র‍্যাংকিং আগামী ৭ অক্টোবর পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ