মেসি গোল না পেলেও মৌরিতানিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ মৌরিতানিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে খুব বড় জয় না পেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে কাতার বিশ্বকাপজয়ী দলটি।
ম্যাচটি অনুষ্ঠিত হয় বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে। দুই দলের র্যাঙ্কিংয়ের ব্যবধানও ছিল বিশাল—আর্জেন্টিনা ৩ নম্বরে, আর মৌরিতানিয়া ১১৫ নম্বরে।
এই ম্যাচে দলের প্রাণভোমরা লিওনেল মেসি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। দর্শকদের প্রত্যাশা থাকলেও তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি।
ম্যাচের শুরুতেই দাপট দেখায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। এরপর ৩২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।
দ্বিতীয়ার্ধে মেসি নামার পর কিছুটা ছন্দ হারায় দল। পুরো অর্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি আর্জেন্টিনা। মেসির একমাত্র শটটিও প্রতিহত হয়। সুযোগ পেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে মৌরিতানিয়া। একাধিক সেভ করতে হয় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
শেষ দিকে ৯৩ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট, এতে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে নির্ধারিত ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ায় এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। আগামী ৩১ মার্চ একই ভেন্যুতে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যা বিশ্বকাপের আগে তাদের শেষ হোম ম্যাচ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে