Views Bangladesh Logo

মেসি-পরবর্তী যুগের শুরুতেই জয়, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় কার্যত শেষের মুখে। একটি বিদায়ী ম্যাচ খেলেই জাতীয় দলকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন এই মহাতারকা। মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

বৃহস্পতিবার (নভেম্বর) ভোরে ঘরের মাঠ মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের অর্ধেই বেশির ভাগ সময় খেলা হয়েছে। তবে শুরুতে আক্রমণগুলো থেকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টিনা।

দারুণ দলীয় সমন্বয়ের পর সেই অপেক্ষার অবসান ঘটে। ১৯ মিনিটে লাউতারো মার্তিনেজ নিচু শটে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজেকুয়েল পালাসিওসের অসাধারণ পাস থেকে বল পেয়ে বলিভিয়ার গোলরক্ষক এগিয়ে এলে তাকে চিপ করে বল জালে পাঠান কোমোর এই ফরোয়ার্ড। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দাপট বজায় রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই ব্যবধান ৩-০ করেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। নিকো পাজের নেওয়া দুর্দান্ত কর্নার থেকে হেডে গোল করেন তিনি। তার গোলে ম্যাচ কার্যত আর্জেন্টিনার নিয়ন্ত্রণে চলে যায়।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ক্রিস্টিয়ান রোমেরো, নিকো পাস ও জানলুকা প্রেস্তিয়ানিকে তুলে নিয়ে মাঠে নামান ফ্রাঙ্কো মাস্তানতুওনো, ভালেন্তিন বারকো ও লেয়ান্দ্রো বালার্দির মতো তরুণদের।

এরপর ২৯ মিনিটে আরও তিনটি বদলি আনে আর্জেন্টিনা। এবার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেস ও অগাস্তিন গিয়াইয়ের জায়গায় সুযোগ দেওয়া হয় এজেকিয়েল ফার্নান্দেস, হোসে লোপেস ও সান্তিয়াগো সিমনকে।

দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে একসঙ্গে শেষ দুটি পরিবর্তনও সেরে নেন স্কালোনি। লিসান্দ্রো মার্তিনেসের বদলে নামানো হয় ভালেন্তিন গোমেসকে এবং এসেকিয়েল পালাসিওসের জায়গায় মাঠে আসেন লিওনেল ফ্লোরেস। এর মধ্য দিয়েই নিজদের সব কটি বদলি খেলোয়াড়ের কোটা ব্যবহার করে সফরকারীরা।

তবে বদলি হিসেবে নেমে ম্যাচের ব্যবধান আরও বাড়ান হোসে লোপেস। ম্যাচের ৮৬ মিনিটে (দ্বিতীয় অর্ধের ৪১ মিনিট) বলিভিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার চার গোলের বড় জয় নিশ্চিত করেন তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ