Views Bangladesh Logo

বিপদে পড়া ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাম্প্রতিক বিতর্কের কারণে তীব্র সমালোচনার মুখে থাকলেও তাঁর প্রতি সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)।

বিতর্কের সূত্রপাত হয় ফিফার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন সহায়ক সংস্থা গঠন এবং তার ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে। প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে আনা এই প্রস্তাব বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত গত সপ্তাহে তা প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা। পরে সংস্থাটি সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনার প্রতিশ্রুতি দেয়।

এই ঘটনার পর ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কনক্যাকাফ তাঁর সভাপতিত্ব নিয়ে ব্যাপক পর্যালোচনার আহ্বান জানায়, আর উয়েফা বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতা বর্জনের অবস্থানে অটল থাকার কথা জানায়। এশিয়ান ফুটবল কনফেডারেশনও উয়েফা ও কনক্যাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সর্বসম্মতভাবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। একইভাবে কনমেবল বলেছে, ফিফার ২১১টি সদস্য দেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া তাঁকে ক্ষমতাচ্যুত করার যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করে।

মেক্সিকান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, তারা ফিফার প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে কোনো প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন করে যাবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে গত এক দশকে তাঁর নেতৃত্বে ফিফার কাজের প্রশংসা করেছে। যদিও তারা স্বীকার করেছে যে, বিতর্কিত বিনিয়োগ প্রস্তাবটি প্রয়োজনের তুলনায় বেশি অনিশ্চয়তা তৈরি করেছে এবং এতে ভুল ছিল। তবু তাদের মতে, আগামী বছরের ফিফা কংগ্রেস পর্যন্ত বর্তমান নেতৃত্বের অধীনেই সংস্কার ও সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়াই সবচেয়ে যৌক্তিক পথ।

অন্যদিকে ইংল্যান্ড, আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এই বিতর্ককে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সভাপতির ক্ষমতার অপব্যবহার বলেও সমালোচনা করেছে।

আগামী মার্চে মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফান্তিনো চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন। তবে সাম্প্রতিক বিতর্কে তাঁর অবস্থান দুর্বল হলেও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে নামেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ