বান্দরবানে স্থল মাইন বিস্ফোরণে আহত ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে আব্দুর জব্বার নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে আমরা শুনেছি। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতরে ৭–৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে আব্দুর জব্বার গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরও বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আহত আব্দুর জব্বারের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার চিকিৎসা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে