Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে।

এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে তার বার্তায় ঢাকা ও নেপিদোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদিকে ইউএলএ চেয়ারম্যান নাইং তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর সমাধান খুঁজে পেতে পারস্পরিক সহযোগিতার আশা করছেন। তিনি বলেন, বিদ্যমান সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের নতুন পথ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

এই বার্তাগুলো থেকে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি কাজ করতে আগ্রহী।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও জানিয়েছেন, বাংলাদেশ সরকার এ ইস্যুতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিয়ানমার ও আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এ ধরনের বার্তা এক নজিরবিহীন ঘটনা এবং দীর্ঘদিনের যোগাযোগের ফল। নিয়মিত আলোচনা ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের নতুন সরকারের ওপর তাদের আস্থার ইঙ্গিত মিলছে।

এই দীর্ঘস্থায়ী সংকটের দ্রুত, টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বাংলাদেশ জাতিসংঘ-সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রোহিঙ্গারা সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের পৈতৃক ভিটায় ফেরার অধিকারের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে। গত বছর কক্সবাজারে অনুষ্ঠিত বহু-পক্ষীয় সংলাপ এবং ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকেও তারা একই দাবি তুলে ধরে।

আন্তর্জাতিক সম্প্রদায়ও রোহিঙ্গাদের নিজস্ব মতামতকে গুরুত্ব দিয়ে নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ