Views Bangladesh Logo

টেকনাফ উপকূল থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নেওয়ার অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।

রোববার (২৮ জুন) সকালে টেকনাফের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিকেলে সত্যতা নিশ্চিত করেন।

অপহৃত পাঁচজন হলেন সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

স্থানীয় জেলেদের ভাষ্য, রোববার সকালে টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগরে যায়। পরে ট্রলারটি ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সেটিকে ধাওয়া করে আটক করেন। এরপর ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যাওয়া হয়। এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি ট্রলার দ্রুত এলাকা ছেড়ে নিরাপদে সরে যায়।

কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আবারও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উপকূলের জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। তবে শুনেছি বেশিরভাগই রোহিঙ্গা।

ঘটনার পর উপকূলীয় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ