নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ অংশের নাফ নদে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃত জেলেরা হলেন-আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের বাসিন্দা।
এ বিষয়ে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদে শিকারে যান জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। জেলেরা আতঙ্কে আছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিজিবিকে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে