নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সকাল ৬টার দিকে জেলেরা নাফ নদে মাছ ধরতে যান এবং দুপুরে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করে জিম্মি করে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা মনির আহমেদ (৪৫), ইয়াছিন (১৮), আব্দুল মালেক ওরফে শফা (৫০) এবং জামাল হোসেন (৪০)। স্থানীয় জেলেরা জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদ এলাকায় মাছ ধরার সময় তাদের জিম্মি করে মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, জেলেদের বাংলাদেশের জলসীমা থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান জানান, ঘটনার পর থেকে পরিবারগুলো চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী নাফ নদে এ ধরনের ঘটনা সম্প্রতি বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক জেলে নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে