নাফ নদী থেকে চার বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া চারজন জেলেকে বন্দুকের মুখে জিম্মি করেছে মিয়ানমারের আরাকান আর্মি।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার শাহপরীর দ্বীপ গোলারচর থেকে তাদের ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। এতে আতঙ্কিত জেলে ও গ্রামবাসী।
শাহপরীর দ্বীপ দক্ষিণ নৌকাঘাটের সভাপতি বশির আহমেদ জানান, প্রতিদিনের মতো সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন অপহৃত জেলেরা। ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনকে জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ বিজিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সীমান্ত পার হয়ে এসে নাফ নদী থেকে চার জেলেকে ট্রলারসহ তুলে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। ঘটনাটির কারণ অনুসন্ধান করছি। তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।'
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের অপহরণের কথা শুনেছি। তাদের ফিরিয়ে আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।'
গত বছরের ৬ অক্টোবর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে ছয়টি ফিশিং ট্রলারসহ ৫৮ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ৯ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনী তাদের অপহরণ করে। দেশটির টহলরত স্পিডবোট থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হলে তিন জেলে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে জেলেদের ফিরিয়ে দেয়া হয়। এর তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ।
১৫ অক্টোবর মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনে বিজিবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে