নাফ নদ থেকে ৩ ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
নৌকার মালিকরা হলেন—কালু ওরফে মলা হালু, মুস্তাফিজ ও মীর কাশিম। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন—মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), মলা কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক ও জাবের মিয়া (২৪)। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানা গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা ইবনে আমিন জানান, বারবার এমন ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক পরিবারের সদস্য এখনো ওই গোষ্ঠীর হাতে আটক রয়েছেন।
শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালামও ঘটনাটি নিশ্চিত করে বলেন, তিনটি ট্রলারের ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, গত দুই বছরে অন্তত পাঁচ শতাধিক জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় তিন শতাধিক জেলে ফিরে এলেও এখনো প্রায় ২০০ জন তাদের হেফাজতে রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে