গাজায় যুদ্ধবিরতির আহ্বান আরব নেতাদের
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। ইসরায়েলকে যুদ্ধ বিরতির বিষয়টি বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চাপ দিয়েছেন তারা।
শনিবার (৪ নভেম্বর) এ আহ্বান জানান আরব নেতারা। তবে এক শীর্ষ মার্কিন কূটনীতিক বলছেন, "এই মুহূর্তে এ ধরনের স্থগিতাদেশ ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত করতে এবং ইসরায়েলকে আবার আক্রমণ করতে সাহায্য করবে।"
শনিবার জর্ডানে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে চাওয়া আরব নেতাদের সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন ব্লিঙ্কেন। তবে গাজায় বেসামরিক হতাহতের ঘটনা রোধে ইসরায়েলকে সকল সম্ভাব্য ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।
আম্মানে একটি সংবাদ সম্মেলনে জর্ডান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ব্লিঙ্কেনের পাশে দাঁড়িয়ে বারবার শত্রুতা বন্ধের জন্য চাপ দিচ্ছিলেন। তারা সেসময় বলেন, হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু আত্মরক্ষার কারণ হিসাবে চালিয়ে দেওয়া ন্যায়সঙ্গত হতে পারে না। গাজার পরবর্তিতে কী হবে এবং হামাসকে নির্মূল করার বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা নিয়েও আলোচনা করতে অস্বীকার করেন নেতারা। এসময় তারা অবিলম্বে শত্রুতা বন্ধের প্রচেষ্টার দিকে মনোনিবেশ দেওয়ার কথাও বারবার বলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে