‘চালচিত্র’ নিয়ে টালিউডে অপূর্বের অভিষেক
ওপার বাংলার পরিচালক প্রতিম ডি গুপ্তর হাত ধরে টালিউডে অভিষেক হচ্ছে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা অপূর্বর। দুর্দান্ত রহস্য এবং থ্রিলে ভরপুর বাংলার প্রথম কপ ইউনিভার্স সিনেমা ‘চালচিত্র’ তে অপূর্বর সাথে অভিনয়ে দেখা মিলবে দুইবাংলার একগুচ্ছ তারকাকে।
সিনেমায় এক রহস্যময় চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।
অপেক্ষার অবসান ঘটিয়ে বলিউডের সঙ্গে কলকাতার টালিউড ও বাংলাদেশের ঢালিউড- তিন ইন্ডাস্ট্রিকে যুক্ত করা ‘চালচিত্র’ মুক্তি পাবে আগামী বড়দিনে।
মহালয়ার বিশেষ দিনে প্রকাশ্যে এলো মাল্টিস্টার কাস্ট থ্রিলার ঘরানার চলচ্চিত্রটির রোমাঞ্চে ভরা টিজার। এর পরতে পরতেও রয়েছে থ্রিল এবং রহস্যের ছোঁয়া। কলকাতাজুড়ে চলচ্চিত্রটির মোশন পোস্টার সাঁটিয়ে ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণ স্টার কাস্টের তালিকাও।
‘চালচিত্র’ ছবিটির টিজার পরিচালক প্রতিম ডি গুপ্ত শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে লিখেছেন, ‘আজ শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা। সেই ঢাকের বোলে চণ্ডিপাঠে শুরু হচ্ছে আমাদের ছায়াছবি চালচিত্রের যাত্রা। রইল টিজার। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিন।’
‘চালচিত্র’ ছবিতে দেখা যাবে, দুর্গাপূজার আগে কলকাতা শহরের বুকে একটার পর একটা খুন ঘটে চলেছে। তাও মেয়েদের। নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে। একের পর এক নারীর সঙ্গে ঘটে চলেছে অত্যাচারও। নেপথ্যে বেজে চলেছে চণ্ডীপাঠ। এসব খুনের তদন্তে নেমেছে কপ বাহিনী বা Bengali Cop Universe। কিন্তু দ্রুতগতিতে ঘটে চলা ঘটনাগুলোর থই খুঁজে পাচ্ছেন না বাহিনীর পুলিশ সদস্যরা। দৌড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত। ঘটনা বোঝার চেষ্টা করছেন। কিন্তু তারপর...? খুনি ধরা পড়বে তো? ভাবছেন কী? তারা কি শেষমেষ অপরাধীকে ধরতে পারবেন? যাকে বলে, একেবারে ঝাঁঝে ভরা কাহিনী!
ন্যায়বিচারকে নৃশংসভাবে পরিবেশিত ছবিটিতে উঠে আসবে নারীদের নিরাপত্তার কথাও।
চারজন পুলিশের চরিত্রে দেখা মিলবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুর। চালচিত্র দিয়েই বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ইন্দ্রজিৎ এবং বাংলা সিনেমায় ডেবিউ করছেন বলিউডের শান্তনু। রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুও। ছবিতে রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে, যিনি ধরা দেবেন হুইলচেয়ারে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। দুরকম লুকে গুরুত্বপূ্র্ণ রহস্যময় চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই ছবির হাত ধরেই ভারতীয় ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অপূর্ব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে