Views Bangladesh Logo

এবার অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অপূর্ব

দুই বছর পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। নতুন ওয়েব সিরিজের নাম হেডলাইন, যা নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম।

আগামী ২৫ জুন হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ট্রেলারে সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, ক্ষমতার বলয়ের অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং মানবিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে।

এর আগে ২০২৪ সালে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত গোলাম মামুন সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অপূর্ব। এবার তিনি হাজির হচ্ছেন সাংবাদিক জহির চরিত্রে।

নিজের চরিত্র প্রসঙ্গে অপূর্ব বলেন, জহিরের চরিত্রে নানা স্তর রয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। কখনো আবেগপ্রবণ, আবার কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। এমন বহুস্তরীয় চরিত্র একজন অভিনেতা হিসেবে তাকে সবসময় আকৃষ্ট করে।

আট পর্বের সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ, রাই রাজন্যাসহ আরও অনেকে।

এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দুও। তিনি জানান, দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে ইয়াশ রোহান বলেন, সিরিজে তার চরিত্র ‘সামিউল’ এমন একটি চরিত্র, যার জন্য তিনি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছেন। চরিত্রটিকে বাস্তব করে তুলতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

সাংবাদিকতার নেপথ্যের গল্প, ক্ষমতার অন্দরমহলের বাস্তবতা এবং মানবিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘হেডলাইন’ দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ