Views Bangladesh Logo

ঈদে বাঙালি গৃহিণীর রূপে ধরা দিলেন অপু বিশ্বাস, ভাইরাল ভিডিওতে মুগ্ধ ভক্তরা

পবিত্র ঈদুল আজহা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ত্যাগ, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য উৎসব। এই উৎসবের সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে থাকে পশু কোরবানির পর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে মাংস কাটার প্রাণবন্ত মুহূর্তগুলোতে। কেউ মাংস ভাগ করছেন, কেউ ব্যস্ত টুকরো করতে, আবার কেউ রান্নার প্রস্তুতিতে—সব মিলিয়ে চারপাশে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবের আবহ। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত থাকেন নানা ঘরোয়া আয়োজনে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে কোরবানির ব্যস্ততায় একেবারে পরিচিত বাঙালি গৃহিণীর রূপে দেখা মিলেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের খোলা জায়গায় প্লাস্টিকের একটি ছোট টুলের ওপর বসে মাংস কাটছেন আপু বিশ্বাস। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পোশাক। মাংস কাটার মতো কঠিন কাজে বসার সময়ও তার পরনে ছিল জমকালো গোলাপি রঙের একটি শাড়ি এবং গলায় ও হাতে শোভা পাচ্ছিল সোনার আকর্ষণীয় গহনা।

ভিডিওতে আরও দেখা যায়, সামনে রাখা একটি বড় কাঠের গুঁড়ির ওপর বেশ দক্ষ হাতেই বড় ছুরি দিয়ে মাংসের টুকরো সাইজ করছেন তিনি। তার চারপাশের চাটাইয়ের ওপর রাখা ছিল স্তূপীকৃত প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা মাংস। ক্লান্তি আর ব্যস্ততার মাঝেও ক্যামেরাবন্দি অপুর হাস্যোজ্জ্বল মুখ ভক্তদের প্রশংসায় ভাসিয়েছে।

প্রসঙ্গত, প্রায় প্রতি কোরবানির ঈদেই নিয়ম করে ছাগল কোরবানি দিয়ে থাকেন এই চিত্রনায়িকা। দীর্ঘ সময় ধরে ঢালিউডের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। রূপালি পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি ব্যক্তিগত জীবন, উৎসবের আয়োজন কিংবা দৈনন্দিন ঘরোয়া মুহূর্ত নিয়েও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন। এবারের ঈদেও ব্যতিক্রম হয়নি। কোরবানির ব্যস্ততার মাঝে তার সহজ-সরল ও ঘরোয়া উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ