নেপালের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অপু বিশ্বাস
নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। পরিস্থিতির কারণে শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে ঢাকায় ফিরেছেন তারা।
ঢাকায় ফিরে অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে তাদের ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল পরদিন, ২৭ আগস্ট। ফলে একদিনের ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ‘শিকার’ সিনেমার শুটিং দল।
অপু বলেন, কাঠমান্ডুতে প্রবেশের জন্য তাদের যে সড়ক দিয়ে যাওয়ার কথা ছিল, তার কাছাকাছিই দুর্যোগটি ঘটে। তার ভাষায়, ২৬ আগস্ট নয়, ২৭ আগস্ট যাত্রার পরিকল্পনা থাকাটা তাদের জন্য আল্লাহর অশেষ রহমত। দুর্যোগের কারণে ওই সড়কে ১৫ থেকে ২০ দিন যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে হয়নি বলে জানান অপু। মানুষের দুর্ভোগের মধ্যে গানের শুটিং করা অমানবিক দেখাবে—এমন বিবেচনায় পুরো দলের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। এরপর সবাই নিরাপদে দেশে ফেরেন।
কয়েক দিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী।
নেপালে ভয়াবহ দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সিনেমাটির শুটিং ইউনিটকে নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর আগে অপু জানিয়েছিলেন, শুটিং ইউনিটের সবাই নিরাপদে আছেন।
মতামত দিন