নেপালের পাহাড়ে শুরু ‘শিকার’, নতুন গল্পে ফিরছেন অপু বিশ্বাস
একসময় ঈদের পর্দা যেন অপু বিশ্বাসের উপস্থিতিতেই পূর্ণতা পেত। একের পর এক সিনেমায় অভিনয় আর সাফল্যের আলোয় ঢালিউডে নিজের জন্য তৈরি করেছিলেন আলাদা এক জায়গা। সময়ের স্রোতে বড় পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা ম্লান হলেও দর্শকের ভালোবাসায় সেই পরিচিত মুখটি রয়ে গেছে আগের মতোই। দীর্ঘ বিরতির পর এবার নতুন সিনেমা ‘শিকার’ নিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। যেন পুরোনো আলোয় নতুন করে ফিরে আসার গল্প লিখতে শুরু করেছেন এই অভিনেত্রী।
নেপালের পর্যটননগরী পোখারায় গত ৯ আগস্ট শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। পাহাড়, পর্বত আর নীল আকাশে ঘেরা মনোরম লোকেশনে শুটিং শুরুর আগে আয়োজন করা হয় মহরত। সিনেমার মঙ্গল কামনায় দোয়া করেন নবাগত অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে শুটিংয়ের আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’-এ বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা কাজ করছেন। প্রথম দিনের শুটিংয়ে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের পাশাপাশি অংশ নেন বড়দা মিঠু, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। নেপালের বিভিন্ন পাহাড়ি লোকেশনে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ।
গল্পে অভিনয়ের সুযোগ থাকায় ‘শিকার’-এ যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তাঁর ভাষায়, নির্মাতা গল্প শোনানোর পর চরিত্রে নিজের কাজের জায়গা ও অভিনয়ের সুযোগ দেখেই তিনি রাজি হয়েছেন। একই সঙ্গে নতুন নায়ক মুর্তজা পলাশের বড় পর্দায় অভিষেক নিয়েও উচ্ছ্বসিত তিনি। দর্শক সিনেমাটির গল্প পছন্দ করবেন বলেও আশা করছেন এই অভিনেত্রী।
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও ‘শিকার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমার চরিত্রের জন্য তিনি দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছেন। অপু বিশ্বাসের সঙ্গে তাঁর জুটি এবং কলকাতার জনপ্রিয় শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
২০২৪ সালে দীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ ছিল বড় পর্দায় অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর নতুন কোনো ছবি মুক্তি না পেলেও এবার সেই বিরতি কাটছে। ‘শিকার’-এর পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’। ‘দুর্বার’-এ তাঁর বিপরীতে সজল এবং ‘সিক্রেট’-এ আদর আজাদ অভিনয় করছেন। ‘শিকার’ আগামী বছর ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
মতামত দিন