Views Bangladesh Logo

অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, চলবে দুই আদালতে

কুমিল্লার আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। বয়সের পার্থক্যের কারণে তাদের বিচার পৃথক দুটি আদালতে পরিচালিত হবে।

পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। এ নিয়ে রাষ্ট্রপক্ষের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি।

এদিকে বিচারকাজ শুরুর খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ছেলের হত্যাকারীদের বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এটি শুনে ভালো লাগছে। আইন ও আদালতের প্রতি তাঁদের আস্থা রয়েছে। তাঁরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের কাছে সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে হাজির করার পর তাঁদের মধ্যে একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ