শাহজালাল বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন সাময়িকভাবে বন্ধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার ওপর বাড়তে থাকা চাপের কারণে আপাতত অতিরিক্ত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সম্প্রতি দেশের কার্যক্রম পরিচালনাকারী ৩৮টি এয়ারলাইন্সকে পাঠানো এক নির্দেশনায় বেবিচক জানিয়েছে, বর্তমানে বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত করলে পরিচালন ব্যবস্থা আরও জটিল হয়ে পড়তে পারে।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৬০টি আন্তর্জাতিক, ১২৫ থেকে ১৪০টি অভ্যন্তরীণ এবং ১০ থেকে ১৬টি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টারসহ প্রতিদিন প্রায় ৩১৬টি আকাশযান ওঠানামা করছে। এতে রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল ভবন, অ্যারোব্রিজ, চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ও ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থায় উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।
বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদেশি এয়ারলাইন্সের বাংলাদেশে নিজস্ব পরিচালন বেজ নেই, তারা টার্মিনাল-৩ চালু হওয়ার আগে অনুমোদিত সময়সূচি ও নির্ধারিত ফ্রিকোয়েন্সির বাইরে অতিরিক্ত নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে না। এছাড়া পূর্বে কোনো স্লট বরাদ্দ থাকলেও সেটিকে স্বয়ংক্রিয় পরিচালন অনুমোদন হিসেবে বিবেচনা করা হবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই সাময়িক পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দরের পরিচালন কার্যক্রম আরও সুশৃঙ্খল রাখা, যাত্রীসেবা নিশ্চিত করা এবং অতিরিক্ত চাপজনিত ভোগান্তি কমানো সম্ভব হবে। তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন