প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিনের নিয়োগ বাতিল
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের প্রেক্ষিতেই তার নিয়োগের বাকি মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করে সরকার। তিনিও পদত্যাগপত্র জমা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিনই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয় এম সিরাজ উদ্দিন মিয়াকে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এ দায়িত্ব প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল। তবে দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় তিনিও পদত্যাগপত্র জমা দেন।
সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। সে অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল। তবে পদত্যাগের কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে