আইফোনে যুক্ত হতে পারে ২০০ মেগাপিক্সেলের সেন্সর
আইফোনের নতুন মডেলে ২০০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত করতে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল — এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে প্রযুক্তিবিশ্বে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে 'ডিজিটাল চ্যাট স্টেশন'-এর একটি পোস্টে দাবি করা হয়, অ্যাপল বর্তমানে ১/১.২ ইঞ্চি আকারের একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর পরীক্ষা করছে। প্রচলিত সেন্সরের তুলনায় বড় এই সেন্সর ব্যবহার করলে কম আলোতে উন্নত মানের ছবি তোলা ও ডায়নামিক রেঞ্জ বাড়ানো সম্ভব হবে। নতুন সেন্সরটি আইফোনের প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আলট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলেই থাকবে।
ধারণা করা হচ্ছে, সেন্সরটি সম্ভবত আইফোন ১৯ প্রো, অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন বা আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে কোনো বিশেষ সংস্করণে প্রথম দেখা যাবে। গত জানুয়ারিতে মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনেও বলা হয়েছিল, অ্যাপল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ২০২৮ সালের মধ্যে তা বাজারে আনা হতে পারে।
উল্লেখ্য, একাধিক স্মার্টফোন নির্মাতা ইতোমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে এনেছে, যেখানে অ্যাপলের সর্বশেষ আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে