নতুন স্বাস্থ্য ফিচার ও এআই সুবিধায় অ্যাপলের ওয়াচ সিরিজ ১২ ও আল্ট্রা ৪ উন্মোচন
নতুন প্রজন্মের দুই স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ উন্মোচন করেছে অ্যাপল। উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ, নতুন ‘রেডিনেস’ স্কোর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপকে এবারের মডেল দুটির প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল ওয়াচ সিরিজ ১২-তে রয়েছে নতুন ‘হেলথ সেন্সিং সিস্টেম’। এর মাধ্যমে আরও ঘন ঘন হৃদস্পন্দন ও হৃদস্পন্দনের ওঠানামা বা এইচআরভি পরিমাপ করা সম্ভব হবে। পাশাপাশি নতুন ‘রেডিনেস’ সুবিধা ব্যবহারকারীর ঘুম, শারীরিক কার্যক্রম, প্রশিক্ষণের চাপ ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিদিনের প্রস্তুতির মাত্রা সম্পর্কে ধারণা দেবে।
স্বাস্থ্য ও ফিটনেসের পাশাপাশি নতুন ঘড়ি দুটিতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা। ওয়াচওএস ২৭-এর মাধ্যমে অ্যাপল ওয়াচে এআই সমর্থিত সিরি ব্যবহারের সুযোগ থাকছে। নতুন ‘অডিও ইন্টেলিজেন্স’ ব্যবস্থার আওতায় সাউন্ড রিকগনিশন, লাইভ রিওয়াইন্ড, সিরি রিক্যাপ ও দ্রুত শাজাম ব্যবহারের মতো সুবিধাও দেওয়া হয়েছে। তবে লাইভ রিওয়াইন্ড ও সিরি রিক্যাপের কিছু সুবিধা পরবর্তী সময়ে বেটা সংস্করণে আসবে।
ব্যাটারি সক্ষমতার দিক থেকেও আল্ট্রা ৪ মডেলে বড় ধরনের উন্নতি আনা হয়েছে। সাধারণ ব্যবহারে এটি সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে এবং লো পাওয়ার মোডে সেই সময় বেড়ে ৮৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে। মাত্র ১৫ মিনিট চার্জে প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়ার কথা জানিয়েছে অ্যাপল। আল্ট্রা ৪-এ ৪৯ মিলিমিটার টাইটানিয়াম কেস, উন্নত জিপিএস এবং ১০০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধের সুবিধাও রয়েছে।
অন্যদিকে সিরিজ ১২ পাওয়া যাবে ৪২ ও ৪৬ মিলিমিটার মাপের কেসে। অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও সিরামিকসহ বিভিন্ন উপকরণের সংস্করণ থাকছে এতে। দুটি মডেলেরই প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও ওয়াচ আল্ট্রা ৪-এর আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে। একই দিনে বিশ্বের বিভিন্ন বাজারেও নতুন ঘড়ি দুটির সরবরাহ শুরু করার কথা জানিয়েছে অ্যাপল।
মতামত দিন