Views Bangladesh Logo

অ্যাপলের ক্যামেরাযুক্ত ও এআই সুবিধা-সম্বলিত এয়ারপডস উন্মোচন চলতি বছরেই

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন এবার আরও জোরালো হয়েছে। অ্যাপল এ ধরনের একটি নতুন এয়ারপডসের উন্নয়নকাজ শেষ পর্যায়ে নিয়ে গেছে এবং চলতি বছরই এটি উন্মোচন করতে পারে বলে দাবি করেছেন প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ও ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান।

মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারে জানান, বর্তমানে ক্যামেরাসংবলিত এয়ারপডসের দুটি প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপল। মডেল দুটির কোডনাম বি৭৯৮ এবং বি৭৯০। এর মধ্যে নতুন বি৭৯০ মডেলের তথ্য সম্প্রতি সামনে এসেছে।

তার ভাষ্য, অ্যাপলের আসন্ন আইওএস ২৭–এর বেটা সংস্করণের কোডে বি৭৯০ মডেলের উল্লেখ পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে, নতুন এয়ারপডসটি উন্মোচনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। যদি অ্যাপল আগের পণ্যের উন্মোচনের ধারা অনুসরণ করে, তবে আগামী সেপ্টেম্বরে আইফোন ১৮ উন্মোচন অনুষ্ঠানের সঙ্গেই নতুন এই এয়ারপডসের ঘোষণা আসতে পারে।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ডিভাইসটি এয়ারপডস প্রো আল্ট্রা নামে বাজারে আসতে পারে। তবে এতে যুক্ত হওয়া ক্যামেরা প্রচলিত অর্থে ছবি বা ভিডিও তোলার জন্য ব্যবহার করা হবে না। বরং ক্যামেরাটি ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। এর ফলে ডিভাইসটি পরিবেশভিত্তিক তথ্য, নির্দেশনা ও তাৎক্ষণিক সহায়তা দিতে সক্ষম হবে। অর্থাৎ এটি একটি পরিধানযোগ্য এআই সহকারী হিসেবেও কাজ করতে পারে।

তবে নতুন প্রযুক্তির এই সংস্করণ বাজারে এলেও প্রচলিত এয়ারপডসের উৎপাদন ও বিক্রি বন্ধ করবে না অ্যাপল। যারা শুধু গান শোনা, ফোনে কথা বলা বা পডকাস্ট উপভোগের জন্য এয়ারপডস ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যমান মডেলগুলোও বাজারে পাওয়া যাবে।

যদিও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়ে প্রযুক্তি বিশ্বে জোর আলোচনা চলছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ডিভাইসটির চূড়ান্ত নকশা, ফিচার এবং বাজারে আসার সময়সূচি সম্পর্কে নিশ্চিত হতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

সূত্র: ম্যাশেবল

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ