নিষিদ্ধ প্রতিষ্ঠান থেকে চিপ কিনতে চায় অ্যাপল
বিশ্ববাজারে মেমোরি চিপের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় বিকল্প সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চিপ কেনার অনুমতি চেয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ লক্ষ্যে মার্কিন সরকারের কাছে বিশেষ লাইসেন্সের জন্য তদবির শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনের অন্যতম শীর্ষ মেমোরি চিপ নির্মাতা চ্যাংশিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি) থেকে চিপ সংগ্রহে আগ্রহী অ্যাপল। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কালো তালিকায় থাকায় সরাসরি চিপ কেনা সম্ভব নয়। এজন্য মার্কিন সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে মেমোরি চিপের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে বিকল্প সরবরাহকারী খুঁজছে অ্যাপল। সেই কারণেই ওয়াশিংটনের কাছে বিশেষ ছাড় চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রায় এক মাস আগে অ্যাপল এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে হোয়াইট হাউস, অ্যাপল কিংবা সিএক্সএমটির কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে চিপ শিল্পে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ সংকটের কারণে মেমোরি চিপের বাজার অস্থিতিশীল। বিশেষ করে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) সিএক্সএমটিকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। পরে একটি আন্তঃসংস্থা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের এনটিটি লিস্ট বা কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মার্কিন আইনে, এ তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি, সফটওয়্যার বা সংশ্লিষ্ট পণ্য লেনদেনের জন্য বিশেষ লাইসেন্স বাধ্যতামূলক। তবে জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় এ ধরনের লাইসেন্সের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাখ্যান করা হয়।
এদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে ভোক্তা পর্যায়েও পড়তে শুরু করেছে। সম্প্রতি অ্যাপল তাদের আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে। কোম্পানির ভাষ্য, মেমোরি চিপসহ বিভিন্ন উপাদানের মূল্যবৃদ্ধির চাপ আগের মতো নিজেরা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই কিছু পণ্যের দাম সমন্বয় করতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, অ্যাপলের এই উদ্যোগ অনুমোদন পেলে তা শুধু প্রতিষ্ঠানটির সরবরাহ ব্যবস্থা নয়, বরং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সম্পর্ক এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মতামত দিন