Views Bangladesh Logo

এআই ও স্মার্ট গ্লাস প্রযুক্তিতে জোর, অ্যাপলে দুই শতাধিক কর্মী ছাঁটাই

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট গ্লাস প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির ভিশন প্রো হেডসেট এবং সিরি সফটওয়্যার বিভাগ থেকে দুই শতাধিক কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন অ্যাপলবিষয়ক বিশ্লেষক মার্ক গুরম্যান।

এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন প্রো বিভাগ থেকে প্রায় ১০০ জন এবং সিরি সংশ্লিষ্ট সফটওয়্যার দলের আরও প্রায় ১০০ কর্মী ছাঁটাইয়ের তালিকায় পড়েছেন। ভিশন প্রো বিভাগে গেমিং ও ইমার্সিভ ভিডিও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের ওপর পুনর্গঠনের প্রভাব তুলনামূলক বেশি পড়েছে।

সিরি বিভাগেও সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। পুরোনো প্রযুক্তিনির্ভর দলের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। অ্যাপলের নতুন বৃহৎ ভাষা মডেল বা এলএলএমভিত্তিক এআই প্রযুক্তি উন্নয়নে ভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হওয়ায় কর্মী কাঠামোয় এই পরিবর্তন আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাপলও কর্মী ছাঁটাই ও বিভাগীয় পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, পণ্যের পরিকল্পনা ও ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তন আসায় কিছু পদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী নতুন দক্ষতার কর্মীদের জন্য নতুন পদও তৈরি করা হবে। ছাঁটাইয়ের শিকার কর্মীরা অ্যাপলের অন্যান্য শূন্য পদে আবেদন করার সুযোগ পাবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, ভিশন প্রোর প্রত্যাশিত বাজারসাফল্য না পাওয়াও এই পুনর্গঠনের অন্যতম কারণ হতে পারে। ৩ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি দামের হেডসেটটি বাজারে ব্যাপক ভোক্তা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে ভিশন প্রোর পরিবর্তে এআই সুবিধাসম্পন্ন স্মার্ট গ্লাসের মতো তুলনামূলক হালকা ও ব্যবহারবান্ধব পণ্যের দিকে অ্যাপলের মনোযোগ বাড়ছে।

তবে ভিশন প্রো প্রকল্প পুরোপুরি বন্ধ করছে না অ্যাপল। হেডসেট ও এর অপারেটিং সিস্টেমের উন্নয়ন কার্যক্রম চালু থাকবে। নতুন প্রজন্মের একটি মডেল ২০২৮ সালের দিকে বাজারে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। অর্থাৎ ভিশন প্রো থেকে সরে যাওয়ার বদলে এআই, স্মার্ট গ্লাস এবং পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তিকে ভবিষ্যৎ পণ্য কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এগিয়ে নিতে চাইছে অ্যাপল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ