Views Bangladesh Logo

ফেসটাইম ব্যবহার করে প্রতারণা, আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

 VB  Desk

ভিবি ডেস্ক

আইফোনের বিল্ট-ইন ভিডিও কলিং অ্যাপ ফেসটাইম ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, প্রতারকরা ফেসটাইমের মাধ্যমে নিজেদের ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রযুক্তিগত সহায়তা প্রতিনিধি বা এমনকি অ্যাপলের কর্মী পরিচয় দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, অ্যাপল কখনোই অনাকাঙ্ক্ষিত ফেসটাইম কল করে ব্যবহারকারীদের অ্যাপল আইডির পাসওয়ার্ড, ওয়ান-টাইম ভেরিফিকেশন কোড (OTP), ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা অর্থপ্রদানের তথ্য চাইবে না।

অ্যাপল ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে, অপরিচিত কোনো নম্বর থেকে ফেসটাইম কল এলে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি কলকারী দাবি করেন যে আপনার অ্যাপল অ্যাকাউন্ট, আইফোন বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি যাচাই করতে হবে।

এছাড়া ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, আইফোনের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা এবং সন্দেহজনক লিংকে ক্লিক বা কোনো ভেরিফিকেশন কোড শেয়ার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা সাধারণত জরুরি পরিস্থিতির ভয় দেখিয়ে ব্যবহারকারীদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা করে। তাই যেকোনো সন্দেহজনক কলের ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বর বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ উপায়।

অ্যাপল আরও জানিয়েছে, কেউ যদি এমন প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো ফেসটাইম কল পান, তাহলে বিষয়টি দ্রুত অ্যাপলের অফিশিয়াল সাপোর্ট চ্যানেলে জানানো উচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ