পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা
পুরোনো সংস্করণের আইওএসে চলা আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল।
সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো সময় সাইবার আক্রমণের আশঙ্কা থাকায় পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের দ্রুত সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘করুনা’ এবং ‘ডার্কসোর্ড’ নামের দুটি নতুন আইওএস এক্সপ্লয়েট কিট বা হ্যাকিং টুল শনাক্ত হয়েছে। এসব টুল ব্যবহার করে বিভিন্ন হ্যাকার গোষ্ঠী পুরোনো মডেলের আইফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে।
করুনা এক্সপ্লয়েট কিটটি আইওএস ১৩ থেকে ১৭.২.১ সংস্করণে চলা আইফোনে আক্রমণ চালাতে সক্ষম। অন্যদিকে ডার্কসোর্ড কিটটি আইওএস ১৮.৪ থেকে ১৮.৭ সংস্করণের ডিভাইসেও ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, এসব হ্যাকিং টুল এখন অনলাইন মার্কেটে কেনাবেচা হচ্ছে, যার ফলে আগের তুলনায় সাধারণ সাইবার অপরাধীরাও এগুলোর নাগাল পাচ্ছে। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
যেসব ব্যবহারকারী সর্বশেষ আইওএস সংস্করণে আপডেট করতে পারবেন না, তাদের জন্য ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ২০২২ সালে চালু হওয়া এই নিরাপত্তা ফিচার ক্ষতিকর ওয়েব কনটেন্ট ও স্পাইওয়্যার আক্রমণ থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
অ্যাপলের দাবি, এখন পর্যন্ত লকডাউন মোড চালু থাকা কোনো ডিভাইসে সফল স্পাইওয়্যার আক্রমণ হয়নি।
সূত্র: দ্য হ্যাকার নিউজ

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে