পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা
সম্প্রতি বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে 'ডার্কসোয়ার্ড' নামক একটি শক্তিশালী স্পাইওয়্যার হামলার খবর পাওয়া গেছে। এই ভয়ংকর সাইবার আক্রমণ থেকে হালনাগাদ সংস্করণের নতুন ডিভাইসগুলো সুরক্ষিত থাকলেও পুরোনো আইফোন ও আইপ্যাডগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে অ্যাপল পুরোনো ব্যবহারকারীদের জন্য জরুরি ভিত্তিতে আইওএস ১৮.৭.৭ এবং আইপ্যাডওএস ১৮.৭.৭ সংস্করণ উন্মুক্ত করেছে।
নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, ডার্কসোয়ার্ড স্পাইওয়্যারটি এতটাই বিপজ্জনক যে কোনো ফাইল ডাউনলোড বা ইনস্টল না করেও এটি ডিভাইসে ঢুকে পড়তে পারে। এমনকি আক্রান্ত কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থাকে। ইতোমধ্যে চীন, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব ও ইউক্রেনে এই হ্যাকিং টুলের মাধ্যমে সফলভাবে সাইবার হামলা চালানো হয়েছে।
উদ্বেগের বিষয় হলো, সম্প্রতি অনলাইনে ডার্কসোয়ার্ড হ্যাকিং টুলটি ফাঁস হয়ে যাওয়ায় যেকোনো সাইবার অপরাধী এখন সহজেই পুরোনো আইওএস ব্যবহারকারীদের টার্গেট করতে পারছে। অ্যাপলের তথ্যমতে, পুরোনো সব সংস্করণের আইওএস ও আইপ্যাডওএসে চলা ডিভাইসগুলো এই হামলার লক্ষ্যবস্তু। তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ ডিভাইস আপডেট করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে