পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ, বৃহস্পতিবার রায়
সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত হাইকোর্টের বহুল আলোচিত রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে টানা তৃতীয় দিনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়াসহ অন্যান্য আইনজীবী।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে এবং দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। আদালতের মতে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তবে আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করেননি। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভবিষ্যৎ জাতীয় সংসদের ওপর ছেড়ে দেন এবং জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরে আপিল করা হয়। শুনানিকালে আপিলকারীদের পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন জানানো হয়। সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে এখন রায়ের অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত এই সাংবিধানিক মামলা।
মতামত দিন