Views Bangladesh Logo

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৬ ফেব্রুয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

আদালতে এদিন আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল।

এর আগে গত ১৪ জানুয়ারি সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল দ্রুত শুনানি করতে আসামিদের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনটি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল।

২০০৪ সালে স্থানীয় এক জনসভায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার। এরপর বিচারিক আদালতে রায়ের পর মামলাটি হাইকোর্টেও শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রকাশ্যে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। বিচার শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল আদালত নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং দুইজনকে খালাস দেন।

এরপর হাইকোর্টে মামলাটি ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের মাধ্যমে আসে। ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্টের রায়ে ছয় জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৮ জনের সাজা দেয়া হয়। এর মধ্যে ২২ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড। এসব আসামির মধ্যে আল আমিন ও রতন ওরফে ছোট রতন নামের দুজন মারা যান। বাকি ২৬ জনের মধ্যে ১৭ জন কারাগারে আটক আছেন, নয়জন এখনও পলাতক আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ