৬ হাজার ৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২ মার্চ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগপত্র বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২ মার্চ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে চেম্বার আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আর আপিলকারী পক্ষের হয়ে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন।
গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই নিয়োগ বাতিলের রায় দেন। হাইকোর্ট ওই রুল নিষ্পত্তির পর এ রায় ঘোষণা করেন এবং মেধার ভিত্তিতে পুনঃনিয়োগের নির্দেশ দেন।
এই রায়ের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রায় স্থগিতের আবেদন করে।
এর আগে, গত ১৯ নভেম্বর হাইকোর্ট ৬ হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেন। নিয়োগে কোটার বিষয়টি কার্যকর হওয়ায় আদালত এ আদেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
গত ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ (তিন পার্বত্য জেলা বাদে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়, যেখানে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এর আগে, গত ২৮ মে হাইকোর্ট ছয় মাসের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছিলেন। পরে আপিল বিভাগ মৌখিক পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুমতি দেন, তবে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে