Views Bangladesh Logo

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, সংসদে বিল পাস

বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অরডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে তোলেন। বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে বিরোধীদলীয় সদস্যরা আলোচনায় অংশ নেন। তাদের প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

পাস হওয়া বিলে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত ও পরিচালিত হবে। এই ইউনিটের আওতায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন এবং প্রয়োজনে সরকার নির্ধারিত অন্য কোনো বিশেষ ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকবে।

নতুন আইনে এপিবিএনকে নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি অপরাধ তদন্তের সরাসরি আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ফৌজদারি কার্যবিধি ও দেশে প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যরা অপরাধস্থলে প্রবেশ, তল্লাশি, আলামত ও মালামাল জব্দ এবং সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করতে পারবেন।

বিলে এপিবিএনের প্রশাসনিক তথ্য সুরক্ষায়ও বিশেষ ধারা রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এপিবিএনের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রে কোনো তথ্য, দাপ্তরিক দলিল বা স্পর্শকাতর বিষয় প্রকাশ করতে পারবেন না। একইভাবে এসব তথ্য বা বিষয় প্রকাশে কোনো ধরনের সহযোগিতাও করা যাবে না।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ