সীমান্ত দিয়ে পলাতক কেউ বাংলাদেশে ঢুকলে গ্রেফতার: বিজিবি সেক্টর কমান্ডার
সীমান্ত দিয়ে কোনো বিতর্কিত ব্যক্তি বা পলাতক আসামি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও বের হওয়া ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্নেল নাসির উদ্দিন। এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সেক্টর কমান্ডার বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নজরদারির বিষয়ে তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি (অল-টেরেন ভেহিকেল) ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় ভারতে পলাতক ব্যক্তিদের তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ওই এলাকাগুলোতে সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি। তবে কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন