নির্বাচনে যেকোনো অনিয়ম শক্তভাবে তদারিক করা হবে: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন বদ্ধপরিকর যাতে ভোটটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়।
নির্বাচন কমিশন ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, অনিয়ম বা অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারিক করা হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য চার কমিশনার এবং সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এ নির্বাচনে ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২২০ জন পর্যবেক্ষক রয়েছেন। এছাড়া, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক ও দেশীয়ভাবে ৮১টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক ও ৬০ হাজার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।
নাসির উদ্দিন আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো নির্বাচনী বিরোধ সংবিধান ও আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যম ও পর্যবেক্ষকদের পেশাদার ভূমিকা এ নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে