Views Bangladesh Logo

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, ফেরত দেওয়া হবে টিকিটের টাকা

জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়-এর ঢাকার কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর একদিন আগে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে পরবর্তী পরিস্থিতিতে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা পাওয়ায় এটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যারা ইতোমধ্যে কনসার্টের টিকিট কিনেছেন, তাদের পুরো টাকা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কনসার্টের নতুন তারিখ ও রিফান্ড প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের ফেসবুক পেজে জানানো হবে।

এই আয়োজনে অনুপম রায়ের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল। ঢাকা ও কলকাতা—দুই জায়গাতেই অনুপম রায়ের জনপ্রিয়তা রয়েছে। এর আগে তিনি ঢাকায় একাধিকবার কনসার্ট করেছেন।

২০১০ সালে অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” দিয়ে ব্যাপক পরিচিতি পান অনুপম রায়। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

তুমি যাকে ভালোবাসো গানের জন্য ২০১৬ সালে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকার হিসেবে সম্মান পান। এছাড়া পিকু সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডেও কাজের সুযোগ পান এই শিল্পী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ