অনুপম রায়ের ঢাকা কনসার্ট আবারও স্থগিত
জনপ্রিয় ভারতীয় গায়ক-গীতিকার অনুপম রায়ের একক কনসার্ট দ্বিতীয়বারের মতো স্থগিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শেষ মুহূর্তের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশ পেয়েছেন আয়োজকরা।
‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামে এই কনসার্টটি আগামী ১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (২৯ জুলাই) রাতে ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে জানানো হয়, , ‘অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠান সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে সকল প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হওয়ার পরও অনিবার্য কারণ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’
আয়োজকরা বলেন, এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তবু আয়োজক প্রতিষ্ঠান রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা সম্পূর্ণরূপে অনুসরণ করছে।
ট্রিপল টাইম কমিউনিকেশন আরও জানিয়েছে, সব টিকিটধারী অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে পূর্ণ অর্থ ফেরত পাবেন।
এই কনসার্টটি গত ২৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয় এবং পরে ১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
মতামত দিন