শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট
আগামীকাল ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে পারফর্ম করার কথা ছিল ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের। তবে শেষ মুহূর্তে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ কনসার্টটি স্থগিতের ঘোষণা দেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। প্রাপ্ত অনুমোদনের ভিত্তিতেই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকার জন্য সব দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পনসর এবং সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, শিগগির আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারব।’
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ আরও জানায়, পরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তারা চাইলে টিকিটের মূল্য রিফান্ড করতে পারবেন।
এই কনসার্টে অনুপম রায়ের সঙ্গে পারফর্ম করার কথা ছিল সংগীতশিল্পী ও পরিচালক ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফনির।
মতামত দিন